সন্দীপ দে, বহরমপুর
ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের নতুন কমিটি গঠন হয়ে গেল। আজ, রবিবার বহরমপুর শহরে জেলা DSA দের নিয়ে জেলা ফেডারেশনের ৮৪ তম AGM হয়ে গেল। এই বৈঠকেই সংস্থার নতুন সচিব পদে এলেন বিপ্লব চক্রবর্তী। তিনি পূর্ব মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার সচিব। আর সভাপতি হিসেবে এলেন বিশ্বজিৎ ভাদুড়ি। যিনি IFA এর সহ সচিব এবং মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার সচিব। জেলার খেলায় এই দুই ব্যক্তি সুনামের সঙ্গে কাজ করে চলেছেন। সর্বসম্মতিক্রমে নতুন কমিটির সদস্যরা হলেন,
সভাপতি- বিশ্বজিৎ ভাদুড়ি (মুর্শিদাবাদ),
কার্যকরী সভাপতি- সুব্রত দত্ত (কোচবিহার),
সচিব- বিপ্লব চক্রবর্তী (পূর্ব মেদিনীপুর),
কোষাধ্যক্ষ – কৌশিক মন্ডল (নদীয়া),
সহ সভাপতি – সঞ্চয় ঘোষ (আলিপুরদুয়ার), পার্থ মুখার্জি (পুরুলিয়া), দেবব্রত সাহা (মালদহ), সহসচিব – সঞ্জিত তরাই (পশ্চিম মেদিনীপুর), লোয়ান সুব্বা (কালিম্পঙ )
এদিনের AGM-এ ২২টি জেলার মধ্যে ১৯ টি জেলা প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশন যে ভাবে পিছিয়ে পড়েছে সেই জায়গা থেকে মূল স্রোতে ফেরাতে কঠিন চ্যালেঞ্জ তাতে কোনও সন্দেহ নেই। এই ব্যাপারে নব নিযুক্ত সচিব বিপ্লব চক্রবর্তী Inside sports কে বলেন, “যে কোনও কাজেই চ্যালেঞ্জ থাকে। আমরা প্রথমে IFA এর সঙ্গে আলোচনায় বসবো। সিনিয়র ফুটবল টুর্নামেন্টকে ফেরাবো। IFA সচিব অনির্বান দত্ত আশাকরি আমাদের প্রস্তাব নিয়ে বিবেচনা করবেন। আসলে অতীতে জেলা ফেডারেশনের সঙ্গে IFA কোনও লিখিত ভাবে কিছু করা হয়নি। এবার সব কিছু সিস্টেম মেনেই হবে। আমরা রাজ্য অ্যাথলেটিক্স সংস্থার সঙ্গেও আলোচনা করব।”

সভাপতি বিশ্বজিৎ ভাদুড়ি বলেন, “আমাদের জেলা ফেডারেশনের সংবিধান সংশোধন করতে হবে। আগে আমাদের কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অফিস ছিল। কাজের জন্য একটা অফিস দরকার। সেটাও ভাবছি। সৌরভ গাঙ্গুলি আমাদের চিফ পেট্রোন। অতীতে আমাদের সাহায্য করেছেন। তাঁর সঙ্গেও যোগাযোগ করব। আর আমরা সিনিয়র ফুটবল টুর্নামেন্ট শুরু করতে চাইছি।”

উঃ ২৪ পরগনা জেলা ক্রীড়া সংস্থার সচিব নবাব ভট্টাচাৰ্য বলেন, “সবার আগে পরিকাঠামো দরকার। জেলা সব থেকে গুরুত্বপূর্ণ। এখানেই জেলা ফেডারেশনকে এগিয়ে আসতে হবে। আমাদের রাজ্য সরকারের স্পোর্টস বাজেট ৮৪০ কোটি টাকা। জেলা ফেডারেশনের উচিত রাজ্যের ক্রীড়া মন্ত্রীর কাছে জেলার পরিকাঠামোর জন্য আর্থিক সাহায্য চেয়ে আবেদন করা। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ক্রীড়ামন্ত্রী। তাঁর কাছে আবেদন করুক ফেডারেশন। আশাকরি, জেলা ফেডারেশনের নতুন কমিটি ভালো কাজ করবে।”
অন্যদিকে, গত টার্ম এ জেলা ফেডারেশন সেই ভাবে কিছুই করতে পারেনি। এই ব্যাপারে বিদায়ী সভাপতি সুদীপ বিশ্বাস Inside sports কে বলছিলেন, “আমরা যখন দায়িত্ব নিয়েছিলাম তখন ফেডারেশনে একটা মামলা চলছিল দেড় বছর ধরে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে পড়ে ছিল। ওই সময় কোনও স্পনসর আসার সম্ভাবনা ছিল না।”









